২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলা মামলায় জাময়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক মন্ত্রী আলী আহ্সান মোহাম্মদ মুজাহিদের বিরুদ্ধে ভিত্তিহীন মিথ্যা অভিযোগের ভিত্তিতে তৃতীয় দফা চার্জ গঠনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমদ গত ১৯ মার্চ সোমবার বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তিনি বলেন, আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে রাজনৈতিকভাবে হয়রানি করার হীন উদ্দেশ্যেই তাকে এ মামলায় জড়ানো হয়েছে। ২১ আগস্টের গ্রেনেড হামলার ঘটনার সাথে তার দূরতম কোনো সম্পর্কও নেই। তা সত্ত্বেও তাকে ঐ মামলায় জড়িয়ে প্রতিহিংসা চরিতার্থ করার হীনউদ্দেশ্যেই তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ উত্থাপন করা হয়েছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে ২০০৯ সালের ৩ আগস্ট এ মামলাটি অধিকতর তদন্তের নির্দেশ দেয়। সে তদন্তের ভিত্তিতেই তৃতীয় দফায় এ চার্জ গঠন করা হয়েছে। তিনি বলেন, মঈন উদ্দিন ও ফখরুদ্দিনের সরকারের আমলে ২২ আসামীর বিরুদ্ধে যে চার্জশিট দাখিল করা হয়েছিল তা বাতিল করে আবার বর্তমান সরকারের আমলে তৃতীয় দফা চার্জ গঠন করা হয়েছে। এ থেকে স্পষ্টভাবে প্রতীয়মান হয়, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার উদ্দেশ্যেই বর্তমান সরকার আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে এ মামলায় জড়িয়েছে। আলী আহসান মোহাম্মদ মুজাহিদের বিরুদ্ধে উত্থাপিত মিথ্যা অভিযোগ অবিলম্বে প্রত্যাহার করে নিয়ে তাকে মুক্তি প্রদান করার জন্য তিনি সরকারের নিকট জোর দাবি জানান।
এ পাতার অন্যান্য খবর
- সমুদ্রে এগিয়ে যাওয়ার পথ বন্ধ
- জাতীয় সংলাপ জরুরি হয়ে পড়েছে
- পরবর্তীতে বলবৎ আইন দিয়ে পূর্বে সংঘটিত অপরাধের বিচার করা যায় না
- সরকার জামায়াতে ইসলামীর বিরুদ্ধে মিথ্যাচার করছে
- দুররানীকে নিয়ে ভুল তথ্য দিয়েছে খালিজ টাইমস
- ভারতের স্বার্থেই বাংলাদেশ : কিসিঞ্জার
- মাওলানা সাঈদীর বিরুদ্ধে নতুন সাক্ষী আনতে পারল না প্রসিকিউশন
