ঢাকা শুক্রবার ২৯ আষাঢ় ১৪১৯, ২২ শাবান ১৪৩৩, ১৩ জুলাই ২০১২

ফকিরের বাজার এখন ফেন্সিডিলের বাজার

খালে পুকুরে জাল ফেললে উঠে আসে ফেন্সিডিলের বোতল

বেলাল হোসেন, বদরগঞ্জ (রংপুর) : রংপুরের বদরগঞ্জ ও দিনাজপুরের পার্বতীপুর উপজেলার কোল ঘেঁষে ফকিরের বাজার অবস্থিত। এই ফকিরের বাজার এখন ফেন্সিডিলের বাজার হিসেবে ব্যাপক পরিচিত লাভ করেছে। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত  মাদকাসক্তদের পদচারণায় ওই এলাকা মুখরিত থাকে। ফকিরের বাজারের অধিকাংশ দোকানে দিনরাত চলে ফেন্সিডিল বেচা-কেনার ধুম। এসব কাজ তদারকি করতে বাজারের ভেতর চিহ্নিত যুবকরা সর্বণ নিয়োজিত রয়েছে। কোনো অপরিচিত ব্যক্তি ওই বাজারে ঢুকলেই ছুটে আসে ওই যুবকরা। সেখানে ফেন্সিডিল কিনতে প্রতিদিন কমপে শতাধিক মোটরসাইকেল আসা-যাওয়া করে। ইশারায় বেচা-কেনা হয়ে যায় লাখ টাকার ফেন্সিডিল। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ভারতীয় সীমান্ত এলাকা থেকে বিভিন্নভাবে এই বাজারে ফেন্সিডিল আসে।

বদরগঞ্জ উপজেলা সদর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে ফকিরের বাজার অবস্থিত। সম্প্রতি এক বুধবার সেখানে গিয়ে দেখা যায়, বাজারের ভেতর পাশাপাশি কয়েকটি দোকান। দোকানে বসে আছে বেশ ক’জন বহিরাগত তরুণ-যুবক। তাদের সেবায় নিয়োজিত আছে স্থানীয় কয়েকজন। বহিরাগতদের কারো বাড়ি রংপুর শহরে। কেউবা এসেছে পীরগাছা ও কাউনিয়া থেকে। শুধুমাত্র মাদক সেবনের আশায় তাদের এই ছুটে আসা। বাজারের পাশে দেখা গেলো একটি নম্বরবিহীন ‘প্রেস’ লেখা মোটরসাইকেল। কোন সাংবাদিকের মোটরসাইকেলÑ জিজ্ঞেস করতেই পাশে দাঁড়ানো নার্সারি ব্যবসায়ী মাহাবুর রহমান (৩৬) বললেন, এটি ফেন্সিডিল ব্যবসায়ী সফিকুল ইসলামের মোটরসাইকেল। সে এই মোটরসাইকেলেই সীমান্ত এলাকা থেকে ফেন্সিডিল নিয়ে আসে। ‘প্রেস’ লেখা থাকলে পুলিশ বা বিজিবি সদস্যরা সন্দেহ করে না বলে সে ওই কৌশল বেছে নিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন বলেন, পার্বতীপুরের ফকিরের বাজার, খয়েরপুকুরহাট, হাবড়ারহাট, ভবানীপুর এলাকার মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করে সে। তার কাছ থেকে ফেন্সিডিল নেয় খুচরা ব্যবসায়ী বদরগঞ্জ উপজেলার গোলাম মোস্তফা ওরফে মোস্তা ও বকুল মিয়া। এছাড়া পার্বতীপুরের  আরিফুল হক, ফরহাদ হোসেন, আইনুল হক ও মমিনুল হকসহ অনেকেই এখন তার কাছ থেকে ফেন্সিডিল নিয়ে ব্যবসা করছে। বর্তমানে প্রতি বোতল ফেন্সিডিল বিক্রি হচ্ছে ২৫০ থেকে ৪০০ টাকায়। অভিযোগ রয়েছে, এসব আস্তানা থেকে বদরগঞ্জ ও পার্বতীপুর এই দুই থানার সোর্সরা মাসোহারা নিয়ে আসে। মূলত পুলিশি নিষ্ক্রিয়তায় সেখানে দেদার বিক্রি হচ্ছে ফেন্সিডিল।

সূত্র মতে মাদক চোরাচালানের নিরাপদ রুট হিসেবে ব্যবহার হচ্ছে বদরগঞ্জ উপজেলার তিনটি সড়ক। সড়কগুলো হলো বদরগঞ্জ-খয়েরপুকুর সড়ক, টেকসেরহাট-খয়েরপুকুর সড়ক ও বদরগঞ্জ-মধ্যপাড়া সড়ক। অথচ এ তিনটি সড়কের ওপর পুলিশি পাহারার ব্যবস্থা থাকলেও কোনো কাজ হচ্ছে না। দিনাজপুর জেলার বাংলা হিলী সীমান্ত, হাঁড়িপুকুর, নন্দিপুর, আমবাড়ী ও ঘাসুড়িয়া সীমান্ত পথ দিয়ে ফেন্সিডিল বদরগঞ্জের ওপর দিয়ে চলে যাচ্ছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায়। আর একাজে শিশু ও মহিলাদের পাশাপাশি ব্যবহার হচ্ছে ‘প্রেস’ লেখা মোটরসাইকেল, কার ও মাইক্রোবাস।

পাড় বিষ্ণুপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক মেহেরুল ইসলামসহ অপর এক শিক বলেন, ফকিরের বাজার এলাকার বিভিন্ন খাল ও পুকুরে জাল ফেললে সেখানে মাছের পরিবর্তে ফেন্সিডিলের বোতল উঠে আসে।

মাদক ব্যবসায়ীরা জানায়, স্থানীয় জনপ্রতিনিধি ও থানা পুলিশকে ম্যানেজ করেই এই ব্যবসা করা হয়। মাদক ব্যবসার টাকা নেয়ার কথা অস্বীকার করে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পৃথ্বীশ কুমার সরকার বলেন, মাদক ব্যবসায়ীদের কোনো ছাড় নেই। ইদানীং বদরগঞ্জ এলাকায় কিছু চুরি-ডাকাতির ঘটনা ঘটিয়ে অপরাধীরা পার্বতীপুর উপজেলায় আশ্রয় নিচ্ছে। দুই থানার সমন্বয়ে  যৌথ অভিযান চালানো হবে বলে তিনি জানিয়েছেন।

পার্বতীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শওকত আলী জানান, ফকিরের বাজার ও খয়েরপুকুরে ফেন্সিডিল বিক্রি হয়, এটা আমি জানতাম না। এক বছর হয় এখানে এসেছি। মাদক ব্যবসার টাকা নিয়েছি কেউ বলতে পারবে না।

এ পাতার অন্যান্য খবর

অন্যান্য মিডিয়া bdnews24 RTNN Sheersha News barta24 Prothom Alo Daily Nayadiganta Jugantor Samakal Amardesh Kaler Kantho Daily Ittefaq Daily Inqilab Daily Sangram Daily Janakantha Amader Shomoy Bangladesh Pratidin Bhorerkagoj Daily Dinkal Manob Zamin Destiny Sangbad Deshbangla Daily Star New Age New Nation Bangladesh Today Financial Express Independent News Today Shaptahik 2000 Computer Jagat Computer Barta Budhbar Bangladesherkhela Holiday Bangladesh Monitor BBC Bangla Redio Tehran
homeabout usdeveloped by

সম্পাদকঃ মুহাম্মদ কামারুজ্জামান। ভারপ্রাপ্ত সম্পাদকঃ মো. তাসনীম আলম।

মহীউদ্দীন আহমদ কর্তৃক জাতীয় মুদ্রণ ১০৯, ঋষিকেশ দাস রোড, ঢাকা - ১১০০ হতে মুদ্রিত ও ১৫ বাংলাবাজার, ঢাকা - ১১০০ হতে প্রকাশিত। যোগাযোগের ঠিকানাঃ ৪২৩ এলিফেন্ট রোড, বড় মগবাজার, ঢাকা - ১২১৭। ফোনঃ ৮৮ ০২ ৮৩১৯০৬৫, বার্তা - ৮৮ ০১৬৭০৮১৩২৭৬, সার্কুলেশন - ৮৮ ০১৫৫২৩৯৮১৯০, বিজ্ঞাপন - ৮৮ ০১১৯৯০৯০০৮৫, ফ্যাক্সঃ ৮৮ ০২ ৮৩১৫৫৭১, ওয়েবসাইটঃ www.weeklysonarbangla.net, ইমেইলঃ weeklysonarbangla@yahoo.com